শিরোনাম:

মুন্সিগঞ্জে রিভলবার, গুলি ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, পলাতক আরেকজন

সংবাদ৫২ ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ০২:৫২
photo

মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে অভিযান চালিয়ে একটি রিভলবার, এক রাউন্ড গুলি ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় আরেকজন পালিয়ে যান।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাত আড়াইটার দিকে বজ্রযোগিনী ইউনিয়নের উত্তর নাহাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নির্দেশনায় মুন্সিগঞ্জ সদর থানার একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম।

অভিযানের সময় বাবু মুন্সী (৪৩) নামের এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে মো. আসিব হাওলাদার (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার আসিবকে জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র ও গুলি থাকার কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী উত্তর নাহাপাড়ায় আকবর শেখের পুকুরপাড়ের দক্ষিণ-পূর্ব কোণে কলাগাছের ঝোপের নিচ থেকে একটি কাঠের বাটযুক্ত রিভলবার, এক রাউন্ড গুলি ও একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়।

উদ্ধার করা রিভলবারটির গায়ে এক পাশে ‘MARK IV’ এবং অন্য পাশে ‘MADE IN PAKISTAN’ লেখা রয়েছে বলে উল্লেখ করা হয়। গুলির পেছনে ‘XF 7.65’ লেখা পাওয়া গেছে। চাকুটির দৈর্ঘ্য বাটসহ সাড়ে ১১ ইঞ্চি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি পলাতক বাবু মুন্সীর কাছ থেকে পেয়েছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন আসিব। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে দুইজনকে আসামি করে মামলা হয়েছে।

শেয়ার করুন