অফিস ডেস্ক
মুন্সিগঞ্জে মাদক বিরোধী কঠোর অবস্থানের অংশ হিসেবে ৫০ পিস ইয়াবাসহ মোঃ স্বপন মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত ২৬ শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতে মুন্সিগঞ্জ সদর থানাধীন মিরেশ্বরাই এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলা জুড়ে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে। এসআই (নিঃ) দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ডিবি পুলিশ মুন্সিগঞ্জ থানার মিরেশ্বরাই মাদবর বাড়ি সংলগ্ন বুলবুল ইসলাম ওরফে বুলুর বসত বাড়ির সামনের পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। রাত ৯:৩৫ ঘটিকার সময় সন্দেহভাজন স্বপন মিয়াকে তল্লাশি করলে তার কাছে থাকা একটি সাদা পলিথিনে মোড়ানো ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. স্বপন মিয়া মুন্সিগঞ্জ সদর থানার মিরেশ্বরাই মাদবর বাড়ি এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। ডিবি পুলিশ জানায়, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান ভবিষ্যতে আরও কঠোর থেকে কঠোরতর হবে। অপরাধ দমনে সাধারণ জনগণের সহযোগিতাও কামনা করেছে জেলা পুলিশ।