অফিস ডেস্ক
ক্যান্সারে আক্রান্ত অসহায় গৌতম দে-র চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা দিয়েছে মুন্সিগঞ্জ পৌরসভা।
আজ বুধবার পৌর প্রশাসক মৌসুমী মাহবুব-এর উদ্যোগে তাঁর বাসভবনে গিয়ে ১০ হাজার টাকার চেক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
জানা গেছে, গৌতম দে আগে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড-এ কর্মরত ছিলেন। বর্তমানে তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। কর্মক্ষমতা হারিয়ে ফেলায় তাঁর চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। দৈনন্দিন চাহিদা মেটাতেও পরিবারকে হিমশিম খেতে হচ্ছে।
বাসভবন পরিদর্শনের সময় পৌর প্রশাসক গৌতমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর বৃদ্ধা ও বিধবা মা সন্ধ্যা রাণী দে-কে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
তিনি জানান, পৌরসভার পক্ষ থেকে পরিবারটিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিশিয়ারি) কার্ডের তালিকায় সন্ধ্যা রাণী দে-র নাম অন্তর্ভুক্ত করার বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।
মৌসুমী মাহবুব বলেন, “পৌরসভা সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। গৌতম দে-র চিকিৎসার জন্য প্রাথমিকভাবে এই সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও তাঁদের পাশে থাকব।”
এ সময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ও অ্যাকাউন্টস অফিসার মো. কামরুল আলম উপস্থিত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে এই সহযোগিতার জন্য পৌর প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।