শিরোনাম:

দেশত্যাগের চেষ্টায় ডিএমপির সাবেক কমিশনার হাবিব, নিষেধাজ্ঞার আদেশ

সংবাদ৫২ ডেস্ক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ০৪:৩৩
photo

চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান দেশত্যাগ করে ‘অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন’ বলে জানিয়েছে দুদক।

দুদকের আবেদনে বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, “পলাতক হাবিবুর রহমান ও অন্যান্যর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও নিয়োগ বানিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি হাবিবুর দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সস্তাবনা রয়েছে। এজন্য তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন।”

গত ২৬ জানুয়ারি জুলাই অভ্যুত্থানের মধ্যে রাজধানীর চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া বাকি দুজন হলেন- ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম।

কাজী এরতেজাসহ চার জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সম্পাদক কাজী এরতেজা হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা এসেছে আদালতের আদেশে।

এদিকে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ঢাকার বিজয় নগর শাখার সাবেক শাখা ব্যবস্থাপক ইসলামুল হক, সাবেক এফভিপি খন্দকার নূরে ইমাম এবং সাবেক ট্রেইনি সহকারী অফিসার জান্নাতুল মাওয়া সুইটিরও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানিয়েছেন এরতেজার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপসহকারি পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ।

আবেদনে বলা হয়, কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তার বিদেশযাত্রা বন্ধ করা প্রয়োজন।

অপর তিন জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আব্দুল মালেক।

আবেদনে বলা হয়, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে একে অপরের সহযোগিতায় প্রকৃত ব্যক্তিকে আড়াল করে বেনামে হিসাব পরিচালনায় সহযোগিতা করে ব্যাংক কর্মকর্তা হিসেবে অর্পিত দায়িত্ব পালন না করে ক্ষমতার অপব্যবহার করে।

ব্যাংকের নীতিমালা অনুসরণ না করে অসৎ উদ্দেশ্যে ১৪জন ব্যক্তির নামে ২৩৪টি এফডিআর হিসাব খোলে এবং তা পরবর্তীতে বন্ধ করে মোট ১৬৫ কোটি ৪৫ হাজার টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। অভিযোগের অনুসন্ধান চলছে।

শেয়ার করুন