অফিস ডেস্ক
মুন্সিগঞ্জ জেলা পুলিশে সদ্য যোগদানকৃত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে পাঁচ দিনব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। রবিবার (২২/০২/২০২৬) সকাল ১০ টায় মুন্সিগঞ্জের শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন খান মিলনায়তনে এই কোর্সের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার নবনিযুক্ত সদস্যদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের শৃঙ্খলা ও ঐতিহ্য বজায় রাখতে হলে প্রতিটি সদস্যকে বিধি-বিধান, আইন-কানুন এবং সুপ্রতিষ্ঠিত রীতিনীতি মেনে চলতে হবে। তিনি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন যে, কর্মক্ষেত্রে সর্বোচ্চ সততা, দক্ষতা ও পেশাদারিত্ব প্রদর্শনের মাধ্যমেই জনগণের সেবা নিশ্চিত করতে হবে। এছাড়া ড্রেসরুলস যথাযথভাবে অনুসরণ, ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের ফিট রাখার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও তিনি বিশেষ তাগিদ দেন।
বর্তমান ডিজিটাল সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে পুলিশ সুপার কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি স্পষ্ট জানান যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের পোশাক পরিহিত ছবি বা ভিডিও আপলোড করা যাবে না এবং ব্যক্তিগত অনলাইন একাউন্টে নিজেকে পুলিশ পরিচয় দেওয়া থেকে বিরত থাকতে হবে। পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে অনলাইন আচরণবিধি মেনে চলা এবং জনসাধারণের সঙ্গে সর্বদা বিনয়ী ও উত্তম ব্যবহার করার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ এবং আরআই (মুন্সিগঞ্জ) মো. তোফাজ্জল হোসেন। উদ্বোধনী পর্ব শেষে প্রশিক্ষণার্থীরা তাদের নির্ধারিত প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণ করেন যা তাদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।