অফিস ডেস্ক
নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে শুরু হওয়া ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দাপুটে জয় দিয়ে শুভ সূচনা করেছে মুন্সিগঞ্জ জেলা ক্রিকেট দল।
আজ রোববার আসরের নিজেদের প্রথম ম্যাচে মৌলভীবাজার জেলা দলকে ৫ উইকেটে হারিয়েছে বিক্রমপুরের ছেলেরা। আসিফ হাসানের বিধ্বংসী বোলিং আর তানভির তামিমের লড়াকু ফিফটিতে সহজ জয় পায় মুন্সিগঞ্জ।
সকালে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুন্সিগঞ্জ দলের অধিনায়ক মেহরাব হোসাইন জোসি। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বোলার আসিফ হাসান। তার দুর্দান্ত স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি মৌলভীবাজারের ব্যাটাররা।
আসিফ একাই ৩০ রান খরচ করে তুলে নেন ৬টি মূল্যবান উইকেট। এছাড়া সালাউদ্দিন শাকিল ২ উইকেট এবং অধিনায়ক মেহরাব হোসাইন জোসি ১টি উইকেট শিকার করলে ১৯৯ রানেই গুটিয়ে যায় মৌলভীবাজারের ইনিংস।
২০০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিং উপহার দেয় মুন্সিগঞ্জ।
দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রানের নান্দনিক এক ইনিংস খেলেন তানভির হোসাইন তামিম। তাকে যোগ্য সঙ্গ দেন আশরাফ উদ্দিন ফয়েজ, যার ব্যাট থেকে আসে ৫২ রান। শেষ দিকে অধিনায়ক মেহরাব হোসাইন জোসি ১২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। মাত্র ৫ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় মুন্সিগঞ্জ।
এই জয়ে মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও স্থানীয় ক্রিকেট অনুরাগীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।