অফিস ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা এরই মধ্যে শপথ নিয়েছেন। বিকেলে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
এরই মধ্যে বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন এমন কয়েকজনের নাম জানা গেছে।
সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, আবু জাফর মো. জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান, দীপেন দেওয়ান।
এছাড়া চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শপথের জন্য ডাক পেয়েছেন বলে তিনি নিজেই দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন।
আরো ডাক পেয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ।
এদিকে শপথের জন্য টেলিফোন পেয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। জানা গেছে, প্রতিমন্ত্রী হচ্ছেন নুরুল হক নুর।
আরো ফোন পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম। বগুড়া-২ আসন থেকে নির্বাচিত শাহে আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন।
ডাক পেয়েছেন কিশোরগঞ্জ–৬ আসনের শরীফুল আলম। তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন বলে জানা গেছে।
জামালপুর–১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসন থেকে বিজয়ী এম. রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন।
সাবেক ফুটবলার আমিনুল হক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন। মন্ত্রীপরিষদ বিভাগ থেকে তাঁকে ফোন করা হয়েছে। তিনি ঢাকা-১৬ আসন থেকে নির্বাচন করে পরাজিত হয়েছেন।
পঞ্চগড়–২ (বোদা ও দেবীগঞ্জ) আসনে বিএনপি থেকে নির্বাচিত ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হচ্ছেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব।
প্রতিমন্ত্রী হিসেব শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন হাজি আমিনুর রশীদ ইয়াছিন। তিনি টেকনোক্রেট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মন্ত্রী হচ্ছেন। তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ছয়বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে ছয়বারই বিজয়ী হয়েছেন।
সিলেট- ৪ আসনে বিএনপির এমপি আরিফুল হক চৌধুরী মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন।
নবগঠিত মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পাওয়ার কথা জানিয়েছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর। আরো ডাক পেয়েছেন বরিশাল–১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।