অফিস ডেস্ক
মদনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা, প্রখ্যাত আলেমে দ্বীন ও সুফি সাধক শাহ সূফী মোখতার আহমদ পীর সাহেব (রহ.)-এর ১৬তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ধর্মপ্রাণ ভক্ত-মুরিদানদের মাঝে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের পরিবেশ বিরাজ করছে।
তিনি ১৯১৩ সালে চাঁদপুর জেলার গাজিপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা শাহ সূফী ফজেল আহমদ (রহ.) ছিলেন হাদিস শাস্ত্রের একজন প্রখ্যাত আলেম এবং দাদা শাহ সূফী আশরাফ আলী (রহ.) তানারা দেওয়ান বংশের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব।
শিক্ষাজীবনে তিনি কারী ইব্রাহিম (রহ.)-এর তত্ত্বাবধানে কেরাত শিক্ষা গ্রহণ করেন এবং উপমহাদেশের ঐতিহ্যবাহী ছারছীনা দারুসসুন্নাত আলিয়া মাদরাসায় অধ্যয়ন করে কামিল হাদিসে কৃতিত্ব অর্জন করেন। শৈশবকালেই তিনি ছারছীনা শরীফের কুতুবুল আলম শাহ সূফী নেছারউদ্দিন আহমদ (রহ.)-এর হাতে বায়াত গ্রহণ করেন।
কর্মজীবনে তিনি ছারছীনা মাদরাসায় শিক্ষকতা করেন এবং জমইয়াতে হিযবুল্লাহর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৪৭ সালের ঐতিহাসিক সিলেট রেফারেন্ডামে পূর্ব পাকিস্তানের পক্ষে কাজ করা প্রতিনিধি দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।
তিনি দেশে-বিদেশে অসংখ্য মাদরাসা, খানকাহ ও মসজিদ প্রতিষ্ঠা করেন। মদনা দরবার শরীফকে কেন্দ্র করে সাপ্তাহিক জলসা, তালিমি মজলিস, ফোরকানিয়া ও হাফেজিয়া মাদরাসাসহ বহুমুখী দীনি কার্যক্রম পরিচালিত হয়। তিনি প্রায় ২২টি ইসলামি গ্রন্থ রচনা করেন এবং জীবনে একাধিকবার হজ পালন করেন। ১৯৮৮ সালে তিনি লন্ডনে তিন মাস তের দিনের দীনি সফর করেন।
দীর্ঘ বর্ণাঢ্য দীনি জীবনের পর ২০১০ সালের ১১ ফেব্রুয়ারি (২৮ মাঘ) বৃহস্পতিবার সকাল ৮টায় ৯৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
প্রতি বছর ১০ ও ১১ ফেব্রুয়ারি মদনা দরবার শরীফে তাঁর স্মরণে বার্ষিক ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।