অফিস ডেস্ক
বিএনপির আয়োজনে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টা থেকে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বিজয়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তরুণদের অংশগ্রহণমূলক ও ইতিবাচক কনটেন্ট তৈরিতে আরও উৎসাহ দেওয়ার আহ্বান জানান। তরুণদের সৃজনশীল শক্তিকে দেশের গণতান্ত্রিক চর্চা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী এবং তারেক রহমানের কন্যা জাইমা রহমান। প্রতিযোগিতার বিজয়ীদের পাশাপাশি প্রায় ২৫০ থেকে ৩০০ জন অতিথি অনুষ্ঠানে অংশ নেন, যা পুরো আয়োজনকে উৎসবমুখর পরিবেশে রূপ দেয়।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, এই জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মকে সৃজনশীলতা, প্রযুক্তিনির্ভর যোগাযোগ এবং সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার ইতিবাচক ধারায় সম্পৃক্ত করা। বিজয়ীদের সঙ্গে এই সরাসরি সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচিকে সেই ধারাবাহিক উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।