অফিস ডেস্ক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে হোয়াটসঅ্যাপে বিভ্রান্তিকর বার্তা পাঠিয়ে অর্থ দাবি করার অভিযোগে মো. শামীম ওসমান (২৯) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান। তিনি জানান, সোমবার (১৯ জানুয়ারি) সাভারে অভিযান চালিয়ে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনের একটি বিশেষ দল শামীম ওসমানকে গ্রেপ্তার করে।
সিআইডির তথ্যমতে, গ্রেপ্তার শামীম ওসমান নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। ওই বার্তায় তিনি উল্লেখ করেন, রাজশাহীতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা যাবে না এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নয়। একইসঙ্গে তিনি জেলা প্রশাসকের কাছে মাসিক ‘কালেকশন’ সংক্রান্ত বিষয়ে জানতে চান এবং দ্রুত তার ব্যক্তিগত বিকাশ নম্বরে ১ লাখ টাকা পাঠানোর নির্দেশ দেন।
বার্তাটি সন্দেহজনক মনে হওয়ায় জেলা প্রশাসন বিষয়টি তাৎক্ষণিকভাবে সিপিসি, সিআইডিকে অবহিত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিপিসি ও সিআইডির একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে এবং তাকে গ্রেপ্তার করে।
সিআইডি জানায়, শামীম ওসমানের বিরুদ্ধে আগেও একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। তার অপরাধ বৃত্তান্ত পর্যালোচনায় জানা গেছে, তিনি একজন পেশাদার প্রতারক এবং অতীতেও বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন।
এ ছাড়া রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।