শিরোনাম:

এনসিপি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হলেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক
অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬ | সময়ঃ ০৪:৫৬
photo

খুলনায় এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা নিজেদের এনসিপির নেতা হিসেবে পরিচয় দিলেও প্রাথমিক যাচাইয়ে ভিন্ন তথ্য উঠে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিশ্লেষণ করে দেখা গেছে, আটককৃতদের একজন আল নাইম এনসিপির সঙ্গে সম্পৃক্ত নন। বরং তিনি বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সঙ্গে জড়িত বলে বিভিন্ন পোস্ট ও ছবিতে প্রতীয়মান হয়েছে। এ ঘটনায় আটক অপর দুই ব্যক্তি হলেন মেহেদী হাসান মিরাজ ও মিরাজ গাজী।

আল নাইমের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায়, তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে তাকে ছাত্রদলের বিভিন্ন সভা-সমাবেশে নিয়মিত অংশ নিতে এবং দলীয় নেতাদের সঙ্গে তোলা ছবি ও ভিডিও ব্যক্তিগত প্রোফাইলে শেয়ার করতে দেখা গেছে। পাশাপাশি গত ১৫ জানুয়ারি তিনি খুলনা-৪ আসনের বিএনপি প্রার্থীর একটি ফটোকার্ড শেয়ার করেন, যেখানে ‘রূপসা ঘাটকে চাঁদাবাজ ও টোলমুক্ত করা হবে’—এমন বক্তব্য ছিল।

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। নেটিজেনদের কেউ কেউ ব্যঙ্গ করে মন্তব্য করেছেন—যে চাঁদাবাজি বন্ধের কথা বলে, সেই ব্যক্তি নিজেই চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে ধরা পড়েছে।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ভুক্তভোগী পরিবার আনুষ্ঠানিক অভিযোগ দিলে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন