অফিস ডেস্ক
চাঁদপুরের মতলব পৌরসভা এর ৮ নং ওয়ার্ডের মধ্যদিঘলদী এলাকায় সাম্প্রতিক সময়ে মোটর চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সরকারের বাড়িতে গভীর রাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ইটের দেয়াল ভেঙে ঘরে প্রবেশ করে পানির মোটর, টিভি, ব্লেন্ডার মেশিন, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী আসাদুজ্জামান সরকার থানায় অভিযোগ দায়ের করেছেন।
এর আগে একই এলাকার নজরুল ইসলাম সরকারের বাড়িতেও চুরির ঘটনা ঘটে। সেখান থেকে পানির মোটর, গ্যাসে চুলা ও সিলিন্ডার,ফিটিংস,ব্যালেন্ডার, টিভি,ফ্রিজে থাকা মাছ-মাংস এবং নগদ টাকা নিয়ে যায় চোরচক্র।
এছাড়াও সম্প্রতি শফিকুল ইসলাম সরকার, দেলোয়ার সরকার এবং খোকন সরকারের পানির মোটর চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে এলাকাবাসীর উদ্যোগে চারটি মোটর উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া মোটরগুলোর ক্রেতারা এলাকার আলোচিত ব্যক্তি নিশান সরকারের নাম উল্লেখ করেছেন। অভিযোগ রয়েছে, তিনি এর আগেও একটি মামলায় কারাভোগ করেছেন এবং জেল থেকে বের হওয়ার পর আবারও এলাকায় ত্রাস সৃষ্টি করছেন।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং এলাকায় চুরি-ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।