অফিস ডেস্ক
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে মুন্সিগঞ্জ জেলাজুড়ে ব্যাপক বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা ও উপজেলা প্রশাসন।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলার সদর, সিরাজদিখান, শ্রীনগর ও গজারিয়া উপজেলার স্থানীয় বাজারসমূহে এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করা, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় এবং লাইসেন্স ব্যতিরেকে পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী মোট ১৪টি মামলা করা হয়। এসব মামলায় ব্যবসায়ীদের সর্বমোট ১ লাখ ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জেলা ও উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ পৃথকভাবে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জানান, অভিযান চলাকালীন ম্যাজিস্ট্রেটগণ ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে নিয়মিত মূল্য তালিকা প্রদর্শনের পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের কঠোর নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে অধিক মূল্যে পণ্য বিক্রয়ের দন্ডের বিষয়ে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারের স্থিতিশীলতা রক্ষা ও জনস্বার্থে জেলা ও উপজেলা প্রশাসনের এই বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।