অফিস ডেস্ক
দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সিলেটের শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ৫৪ বছরের বঞ্চনার অবসান ঘটানো হবে। দুর্নীতির মাধ্যমে দেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে। তার মূলোৎপাটন করা হবে। দেশের টাকা ও সম্পদ পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না।পাচারকৃত টাকা ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।’
তিনি সিলেট অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে বলেন, ‘সিলেট দেশের আধ্যাত্মিক রাজধানী। কিন্তু আমরা সবদিক থেকেই বঞ্চিত। এই বঞ্চনার যাতে অবসান হয় আমরা সেই পদক্ষেপ নেব। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক হলেও এখানে সব ধরনের বিমান ওঠানামা করতে পারে না। আমরা এটিকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করব। ম্যানচেষ্টার ফ্লাইট এতদিন চালু থাকলেও সরকার সেটি বন্ধ করে দিয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে ম্যানচেষ্টার ফ্লাইট চালুর পাশাপাশি আরও নতুন নতুন রুট চালু করা হবে।’
হবিগঞ্জ শহরের নিউ ফিল্ড মাঠে ১১-দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘গরিব ও অসহায় মানুষ দেশে ন্যায় বিচার পায় না। বিচারব্যবস্থা সবসময় প্রভাবশালীদের পক্ষে কাজ করে। আমরা ন্যায়বিচার কায়েম করতে চাই। টাকার বিনিময়ে আর বিচার বিক্রি হবে না।’