মুন্সিগঞ্জে চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ


মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতদের বিরুদ্ধে কমিউনিটি ক্লিনিক থেকে বৈদ্যুতিক তার চুরির অভিযোগ ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৪ মার্চ) ভোররাত আনুমানিক ৩টা থেকে সকাল ৬টার মধ্যে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া কমিউনিটি ক্লিনিকে দুই ব্যক্তি প্রবেশ করে বৈদ্যুতিক তার খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাদের দেখতে পেয়ে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।
গুরুতর আহত অবস্থায় দুইজনকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন— সাগর (৩০), পিতা ফরহাদ, গ্রাম গোয়ালীমান্দ্রা এবং ছানারুল (২৪), পিতা পেন্টু মান্তা, উভয়েই লৌহজং উপজেলার বাসিন্দা।
ঘটনার খবর পেয়ে লৌহজং থানা পুলিশ ও জেলা পুলিশের একাধিক টিম এলাকায় অভিযান চালায়। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন— ফেরদৌস মাতবর (৩৬), মো. শামীম আহম্মেদ (২৬), শাওন (২৮), নাইম (২০) ও আ. আউয়াল শেখ (২৬)। তারা সবাই লৌহজং উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় লৌহজং থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ