অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ১২:২৫
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কর্মকাণ্ড পরিচালনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই কার্যালয়ে তালা মেরে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নেতাকর্মীরা।
আজ রোববার দুপুর আড়াইটার দিকে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বীরতারা ইউনিয়নে অবস্থিত ওই কার্যালয়ে গিয়ে তালা ঝুলিয়ে দেন।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং কার্যালয়ের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন।
এ বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ বলেন, রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। গোপনে রাতের আঁধারে কেউ কেউ কার্যালয়টিতে প্রবেশ করে কিছু কার্যক্রম করেছে বলে আমাদের নজরে আসে। তাই খবর পেয়ে আমরা তালা মেরেছি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া ৩৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হচ্ছে। এ সময় কয়েকজন কিশোর-তরুণকে সঙ্গে নিয়ে এক ব্যক্তিকে দলীয় স্লোগান দিতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, ভিডিওতে স্লোগান দেওয়া ব্যক্তির নাম সাব্বির। তিনি বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, “ঘটনাটি ঠিক কখন ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন। ভিডিওতে যে স্থানটি দেখা যাচ্ছে, সেটি একটি শাটারযুক্ত দোকান। অভিযুক্ত সাব্বির দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ