কর্মবিরতির পর লাগাতার ধর্মঘটের ডাক, চট্টগ্রাম বন্দর ঘিরে কী হচ্ছে?


চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপিওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রোববার থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এই কর্মসূচিতে এবার বন্দরের বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বন্দরের এনসিটি ডিপি ওয়ার্ল্ডের হাতে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে গত শনিবার থেকে আট ঘণ্টা করে তিন দিন এবং মঙ্গলবার থেকে লাগাতার কর্মবিরতি পালন করে আসছিল সংগঠনটি।

শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে ছয় দিন অচল অবস্থায় ছিল বন্দর। এতে বন্দরের জেটি, টার্মিনাল, শেড ও ইয়ার্ডে পণ্যবাহী কনটেইনার জমে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন; তাদের অনেকে পড়েছেন নানা রকম সংকটে।

এমন অবস্থায় রোববার থেকে লাগাতার ধর্মঘটের ঘোষণার পর শ্রমিক কর্মচারীদের সাথে সাথে বৈঠক ডেকেছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বিবিসি বাংলাকে বলেছেন, "নৌ পরিবহন উপদেষ্টা তাদের (আন্দোলনকারীদের) অনুরোধ করেছেন। চেয়ারম্যানও রোববার তাদের সাথে বৈঠক করবেন। তাদের সাথে কথা বলার পর আশা করি এই নিয়ে সংকট থাকবে না"।

এর আগে গত শনিবার থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা দেয় শ্রমিক সংগ্রাম পরিষদ। পরে গত বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন তাদের সঙ্গে বৈঠকে বসেন। পরে দুইদিনের জন্য কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন সংগ্রাম পরিষদের নেতারা।

এরপর হঠাৎ করে শনিবার সংবাদ সম্মেলন করে নতুন এই কর্মসূচির ঘোষণা দেওয়ায় বন্দর ঘিরে সংকট ঘনীভূত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ