অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৭:২০
মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ককটেল নিক্ষেপ ও দেশীও অস্ত্র নিয়ে বাঁধার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ ধানের শীষ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এতে ৪ জন আহতের খবর পাওয়া গেছে, তবে তাদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে মুন্সিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শনিবার সকালে ফুটবল প্রতীকের সমর্থক জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের লোকজন মুন্সিকান্দি এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লার লোকজন ককটেল নিয়ে হামলা করে। পরে এ ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে একাধিক অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা যায় আওলাদ পক্ষের লোকজনকে। তারা ভোট চাইতে যাওয়া লোকজন উপর হামলা চালায়। সদর জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আতাউল করিম জানান, লিজন (৩০) নামে ককটেলের আঘাতের একজন আহত এসেছিলেন। তবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মুন্সীগঞ্জ সদর অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এদের পূর্ব বিরোধ ছিলো। নির্বাচন ঘনিয়ে আসতেই আবার এরা এলাকায় সক্রিয় হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ