অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ১২:৩৩
ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানে নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে এ ইশতেহার আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
দলটির মিডিয়া সেল জানায়, বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করবেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। ইশতেহার প্রণয়নে বিএনপিঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘১৯ দফা’, বেগম খালেদা জিয়ার ‘ভিশন-২০৩০’ এবং ‘জুলাই জাতীয় সনদ’-এর সমন্বয় করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ইশতেহারে দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান, মুক্তিযুদ্ধের শহীদদের নির্ভুল তালিকা প্রণয়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের বিচার নিশ্চিত করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লব এবং ১৯৯০ সালের ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসও এতে উল্লেখ থাকবে।
জনমুখী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালু, শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা, পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা খাত শক্তিশালীকরণ। স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে প্রতিটি নাগরিকের জন্য ‘ই-হেলথ কার্ড’ প্রবর্তন, মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়ন এবং জটিল রোগের আধুনিক চিকিৎসায় সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ওপর জোর দেওয়া হয়েছে।
তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানে আইটি পার্কে উদ্যোক্তাদের অফিস সুবিধা, দেশজুড়ে ফ্রি ওয়াইফাই জোন, আউটসোর্সিং ও এসএমই খাতে সহজ শর্তে ঋণ, আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে বাজার সংযোগ, বিদেশি ভাষা শিক্ষা এবং ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠনের অঙ্গীকার রয়েছে। শিক্ষাব্যবস্থায় বড় সংস্কারের অংশ হিসেবে মাধ্যমিক পর্যায় থেকে কারিগরি শিক্ষা, ‘জব ম্যাচিং’ সেবা চালু, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিনামূল্যে স্কুল ড্রেস, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ সন্ত্রাস ও মাদকমুক্ত রাখা এবং নারী শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ ভেন্ডিং মেশিন স্থাপনের পরিকল্পনাও অন্তর্ভুক্ত হয়েছে। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আকর্ষণীয় বেতন কাঠামো ও কল্যাণমূলক কর্মসূচির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বৈদেশিক কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগামী পাঁচ বছরে দক্ষ ও অদক্ষ মিলিয়ে এক কোটি জনশক্তি বিদেশে পাঠানোর কার্যকর ব্যবস্থা নেওয়ার ঘোষণা রয়েছে। পরিবেশ ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, ‘সবুজ কর্মসংস্থান’ সৃষ্টি এবং শিল্পবর্জ্য নিয়ন্ত্রণের কঠোর অঙ্গীকার করা হয়েছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানসহ বিগত স্বৈরাচারী আমলের মানবতাবিরোধী অপরাধের বিচার, গুম প্রতিরোধে আন্তর্জাতিক মানের আইন এবং অনিষ্পন্ন হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শুরু করার প্রতিশ্রুতিও ইশতেহারে স্থান পেয়েছে।
স্থানীয় সরকারকে শক্তিশালী ও জবাবদিহিমূলক করতে বছরে অন্তত একবার উন্মুক্ত স্থানে ‘উন্নয়ন জনসভা’ আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রতিরক্ষা খাতে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে আধুনিক ও যুগোপযোগী সশস্ত্র বাহিনী গড়ে তোলার রূপরেখা দেওয়া হয়েছে। পুঁজিবাজারে গত ১৫ বছরের অনিয়ম তদন্তে ‘বিশেষ তদন্ত কমিশন’ গঠন, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে শেয়ারবাজার শিক্ষা বিস্তারের উদ্যোগও ঘোষিত হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২০৩০ সালের মধ্যে উৎপাদন ক্ষমতা ৩৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তথ্য ও প্রযুক্তি খাতে অন্তত ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ সড়ক উন্নয়ন, প্রধান সড়কে পৃথক লেন, রাইড শেয়ারিংয়ে ‘সাইকেল সেবা’ চালু এবং রাজস্ব-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে অবৈধ অর্থপাচার রোধ ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কঠোর আইনি ব্যবস্থা, বেসরকারি খাতের কর্মীদের জন্য কার্যকর পেনশন ফান্ড গঠন এবং নৌপথ সচল রাখতে ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন ও পুনঃখননের অঙ্গীকার করা হয়েছে।
ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই দর্শনের ভিত্তিতে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনসহ সব ধর্মীয় উপাসনালয়ের প্রধানদের জন্য মাসিক সম্মানী ও উৎসব ভাতার ব্যবস্থা, পাশাপাশি পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার রক্ষায় পৃথক ‘নৃগোষ্ঠী উন্নয়ন অধিদপ্তর’ গঠনের প্রতিশ্রুতিও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলীয় সূত্র বলছে, নারী ও তারুণ্যের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে প্রণীত ‘সবার আগে বাংলাদেশ’ ইশতেহারকে সামনে রেখেই আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন প্রত্যাশা করছে বিএনপি।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ