ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে বিসিবিকে সাধুবাদ জানালেন শরিফুল ইসলাম


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রস্তাবে রাজি হয়নি বিসিবি। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিসিবিকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিপিএলের ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে শরিফুল ইসলাম বলেন, বিশ্বকাপে যাওয়া বা না যাওয়ার সিদ্ধান্ত পুরোপুরি বিসিবির। খেলোয়াড় হিসেবে আমরা সবসময় ভালো করার দিকেই মনোযোগ দিই এবং নিজের জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করি।

বিশ্বকাপ খেলার সুযোগ হারালেও বিসিবির সিদ্ধান্ত নিয়ে বাড়তি মন্তব্য করতে নারাজ এই বাঁহাতি পেসার। তিনি বলেন, বিসিবিই আমাদের অভিভাবক। তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটির জন্য আমরা সাধুবাদ জানাই। এখন কী হবে বা হবে না, তা নিয়ে আর কিছু বলা ঠিক হবে না।

এদিকে সদ্য সমাপ্ত বিপিএলে রানারআপ হয়েছে চট্টগ্রাম রয়্যালস। দলটির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শরিফুল ইসলাম। এবারের বিপিএলে ২৬ উইকেট নিয়ে তিনি হয়েছেন সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন গত মৌসুমে তাসকিন আহমেদের গড়া সর্বোচ্চ উইকেটের রেকর্ড।

গত বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে তাসকিন আহমেদ ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়েছিলেন। সেই রেকর্ড ভেঙে এবারের আসরে সেরা বোলার হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন শরিফুল ইসলাম।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ