টেকনাফে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও ৫০ হাজার ইয়াবাসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার


কক্সবাজারের টেকনাফে টেকনাফ মডেল থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল এবং ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় ছিলেন এবং একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া ব্রিজের পশ্চিম পাশের একটি খালি স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার হন মো. রফিক প্র. বার্মাইয়া রফিক (৪৫), যিনি ওই এলাকার পরিচিত অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশ ও নৌবাহিনীর একটি চৌকস দল যৌথভাবে অভিযান চালিয়ে সন্দেহজনক অবস্থায় রফিককে একটি বস্তাসহ আটক করে। পরবর্তীতে দেহ তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল ও ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকাভুক্ত করে টেকনাফ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মো. রফিক প্র. বার্মাইয়া রফিকের বিরুদ্ধে এর আগে অস্ত্র আইনে একটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি এবং হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সাখাওয়াত হোসেন মানিক

নির্বাহী সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ দেওয়ান

ফোনঃ ০১৭১১৩৯১১৩০

যোগাযোগঃ ঠিকানাঃ উত্তর ইসলামপুর, হাজী বাড়ী (তিন রাস্তার মোড়) মুন্সিগঞ্জ-১৫০০।

© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ