অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, সময়ঃ ১২:৫১
হবিগঞ্জ-৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরীর মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তার আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের সুদ।
হলফনামায় গিয়াস উদ্দিন তাহেরী উল্লেখ করেছেন, অস্থাবর সম্পদের মধ্যে কৃষি খাত থেকে বছরে তার আয় ২৬ হাজার ৪০০ টাকা। ব্যবসা থেকে আয় ৭ লাখ ৯১ হাজার টাকা এবং ব্যাংক সুদ থেকে পান ২২ হাজার ৮৯২ টাকা। তার হাতে নগদ অর্থ রয়েছে ৪১ হাজার ২৮৬ টাকা এবং ব্যাংকে জমা আছে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা। এছাড়া নিজের নামে ৩১ ভরি স্বর্ণ রয়েছে, যার মূল্য ৬ লাখ টাকা দেখানো হয়েছে। আসবাবপত্রের মূল্য উল্লেখ করা হয়েছে ৫ লাখ টাকা। এসব মিলিয়ে তার মোট অস্থাবর সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৯ লাখ ৪ হাজার ৮৯২ টাকা।
স্থাবর সম্পদের হিসাবে হলফনামায় উল্লেখ করা হয়, তার নামে কৃষিজমি রয়েছে যার ক্রয়মূল্য ১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকা এবং বর্তমান বাজারমূল্য দেখানো হয়েছে ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার টাকা। স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা।
হলফনামায় আরও জানানো হয়েছে, তার স্ত্রী গৃহিণী এবং তার নামে কোনো ধরনের সম্পদ নেই। স্ত্রী বা নির্ভরশীলদের নামে কোনো স্বর্ণালংকার, আসবাবপত্র, নগদ অর্থ কিংবা অন্য কোনো সম্পদ দেখানো হয়নি। এমনকি স্ত্রীর কোনো গহনা বা নগদ অর্থ না থাকার বিষয়টিও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
ব্যক্তিগত তথ্য হিসেবে গিয়াস উদ্দিন তাহেরী জানান, তার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। তবে হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুরবাড়ি থাকায় সে সূত্রে তিনি হবিগঞ্জ-৪ আসন থেকে প্রার্থী হয়েছেন। হলফনামায় তিনি তার বিরুদ্ধে তিনটি মামলা চলমান থাকার তথ্যও উল্লেখ করেন। তার দাবি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর এসব মামলার প্রতিটিই দায়ের করা হয়েছে।
© sangbad52 ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ